বুধবার ৪ নভেম্বর ২০২৬

দ্বৈত নাগরিকত্ব শফিক রেহমানের

indexসাংবাদিক শফিক রেহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী তালেয়া রেহমান।

শনিবার সকালে শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর সেখানে গিয়ে সাংবাদিকদের একথা জানান তালেয়া।

তিনি জানান, তারা স্বামী-স্ত্রী দু’জনেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়টি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করা হয়েছে।

তালেয়া রেহমান জানান, সকালে সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক তাদের ইস্কাটনের বাসায় যায়। এক পর্যায়ে তারা নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে শফিক রেহমানকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে ওই সময় তিনি (তালেয়া) ঘুমিয়ে ছিলেন।

তিনি জানান, পরে ডিবি কার্যালয় থেকে ফোন করে তাকে জানানো হয়, শফিক রেহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপর তিনি দ্রুত ডিবি কার্যালয়ে গিয়ে শফিক রেহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ওষুধ ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় বিএনপিঘনিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে শনিবার সকালে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাকে দুপুর ২টার পর আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন