বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইমরান এইচ সরকারের কাছে তিনটি প্রশ্ন

Sabbir_Khanসাব্বির খান, সুইডেন থেকে।

শফিক রেহমানের গ্রেফতার বিষয়ক বক্তব্যটি পড়লাম, যা দৈনিক প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে। গণজাগরণ মঞ্চের সর্বোচ্চ নেতা হিসেবে কোনওদিন আপনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কোনও আলোচনা-সমালোচনা করিনি বা করার প্রয়োজনও বোধ করিনি, যদিও বিভিন্ন সময়ে মঞ্চের মত একটা নামীদামী আন্দোলনের ভাষা ও বোধগত দরিদ্রতা আমাকে আহত করেছে!

বিভিন্ন সময়ে বাংলাদেশের সস্তা-মুক্তবাজার রাজনীতির শব্দদূষনীয় বোলচাল আমার বিরক্তির কারণ হলেও সর্বক্ষেত্রে তা পাত্তা দেয়ার প্রয়োজনবোধ করিনি। কিন্তু আজ আপনার বক্তব্যটি এতো বালখিল্য এবং বাড়ন্ত শিশুসুলভ যে এব্যাপারে দু’টো কথা না বলেই পারছি না। আশাকরি আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রথমত. ৮১ বছরের একজন সিনিয়র নাগরিকের গ্রেফতারের প্রতিবাদ এবং নিন্দা আপনি করতেই পারেন, যদিও আপনি তাঁর রাজনৈতিক আদর্শের সাথে একমত নন। এটা নিঃসন্দেহে আপনার রাজনৈতিক এবং নাগরিক অধিকার। এপর্যন্ত কোনও ঝামেলা নেই বা ছিল না। কিন্তু তার পরের লাইনেই যখন লিখলেন যে, মিঃ শফিক রেহমান ভিন্নমতের বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে যা নোংরা রাজনীতির একটি অপকৌশল, তখন ভ্রু কুচকানো থেকে বিরত থাকা সম্ভব হয়নি আমার!

Imran-Sarker-Shafiq-Statusআপনার কাছে আমার সরল জিজ্ঞাসা, আপনি কেন ভাবছেন যে মিঃ শফিককে রাজনীতির ভিন্ন মতাদর্শের কারনে গ্রেফতার করা হয়েছে? কোথাও কি তার সুস্পষ্ট কোনও আলামত দেখেছেন? আপনার কি ধারণা আছে যে, শুধু রাজনৈতিক ভিন্নমতের কারনে যদি সরকার বিভিন্ন জনকে গ্রেফতার করা শুরু করতেন, তাহলে বাংলাদেশে কতগুলো কারাগারের প্রয়োজন হত, আর বর্তমানে তার বাস্তব চিত্রটা কি? তুলনামূলক চিত্রটি নিশ্চয়ই আপনার জানা আছে বলে আমি বিশ্বাস করি।

বিভিন্ন সময়ে আপনিও সরকারের বিরুদ্ধে তীক্ষ্ম তথা অশালীন ভাষায় ভিন্নমত পোষণ করেছেন। তারজন্য আপনি কতবার জেলে গিয়েছেন বা আপনি এখনো কিভাবে মুক্ত বাতাসে দাড়িয়ে রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করছেন? আপনার এই বালখিল্য বক্তব্যটি কেন স্ববিরোধী নয়, বলবেন কি?

দ্বিতীয়ত. আপনি মিঃ শফিক রেহমানের বিরুদ্ধে আনিত অভিযোগটি ‘বায়বীয়’ বলে অভিহিত করেছেন, যদিও আইনপ্রয়োগকারী তদন্ত সংস্থা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন। আপনি, আপনার বক্তব্য এবং তদন্ত সংস্থার বক্তব্যকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। আপনি কি আপনার সর্বশক্তি প্রয়োগ করেও প্রমাণ করতে পারবেন যে, শফিক রেহমানের বিরুদ্ধে আনিত অভিযোগটি ‘বায়বীয়’? যদি না পারেন, তাহলে আপনার পূর্বের মত এবারের অতিকথনের দায়ভার কি আপনি নিতে প্রস্তুত? এক্ষেত্রে সদোত্তরটিই আমি আশা করছি।

তৃতীয়ত. আপনি সরকারের ‘শুভবুদ্ধির উদয়’ কামনা করছেন, ক্ষেত্রবিশেষে যা আমিও করে থাকি। কিন্তু যে সরকারের প্রতিপক্ষ স্বস্বীকৃত একাত্তরের ঘৃন্য এক অপশক্তি এবং যাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেই আজকের ‘ইমরান সরকার’-এর জন্ম হয়েছে, সেই তাদের পক্ষেই আপনার উদার কন্ঠের আদরোচিত সহানুভূতি কেন হটকারী এবং স্ববিরোধী নয়, বলবেন কি? এক্ষেত্রেও একটি সদোত্তর দাবি করছি।

মিঃ ইমরান এইচ সরকার, আপনি আমার ফেইসবুক বন্ধু তালিকায় আছেন এবং আমি জানি, আপনি আমার লেখা পড়েে থাকেন। আশাকরি আপনি দয়া করে আমার এই প্রশ্ন তিনটির যথাযথ উত্তর দিয়ে আপনার বক্তব্যের গভীরতাকে বুঝতে আমাকে সহযোগীতা করবেন।

নোট. আমার ভাবনাও ভুল থাকতে পারে এবং আমার আলোচনা সঠিক না-ও হতে পারে। আপনার সহৃদ সদুত্তরের অপেক্ষায় রইলাম নিজেকে সুধরে নেয়ার জন্য। আপনার বক্তবের স্ক্রিন শট নীচে জুড়ে দিলাম। প্রাণঢালা আগাম ধন্যবাদ।

আরও পড়ুন