বুধবার ৪ নভেম্বর ২০২৬

অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের বিজিবিতে নিয়োগ

BGB-borderঅবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে  চু্ক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিজিবির মাঠ পর্যায়ের দায়িত্বশীল পদগুলোর ৬০ শতাংশ শূণ্য থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন।

সেনাবাহিনীর যেসব কর্মকর্তা ক্যাপ্টেন ও মেজর হিসেবে অবসর নিয়েছিলেন এবং যাদের বর্তমান বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যে রয়েছে একমাত্র তারাই দু’বছরের চুক্তিতে বিজিবিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চুক্তিভিত্তিকভাবে এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে আধাসামরিক বাহিনীর মাঠ পর্যায়ের অফিসে পাঠানো হবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, সেনাবাহিনীর এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ করার জন্য ইতোমধ্যে সশস্রবাহিনী বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, “আমরা শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য সেনা সদর দফতরে চিঠি পাঠাবো যাতে তারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এ বাহিনীতে আসার জন্য সহযোগিতা করে।

বিজিবি মহাপরিচালক জানান, আমাদের বাহিনীতে ক্যাপ্টেন ও মেজর পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে পদায়নের জন্য সেনা সদরে চিঠি দিয়েছিলাম, অফিসার সংকটের কারণে তারা আমাদের চাহিদামতো কর্মকর্তাদের পদায়ন করতে পারছে না। তাই বাধ্য হয়েই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে লোক এনে কাজ করানোর প্রক্রিয়া নিতে হচ্ছে।

তিনি বলেন, এ বাহিনীতে মোট কর্মকর্তা পদের ৬০ ভাগই শূণ্য । তাই মাঠ পর্যায়ে কাজ করতে আমাদের কষ্ট হচ্ছে।

আরও পড়ুন