হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে (সিএসও) ম্যাজিস্ট্রেট কোর্টে তলব করায় কোর্টের সামনে অবস্থান নিয়ে হ্ট্টগোল করেছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান ও ডিউটি অফিসার মাহমুদা খানমকে কোর্টে তলব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। দুপুর ২টার দিকে তারা কোর্টে এলে অন্য নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীরা কোর্টের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কোর্টের সামনে তারা হট্টগোল শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ।
এর আগে সিভিল এভিয়েশনের একাধিক নিরাপত্তা কর্মীকে চুরিসহ নানা অপরাধে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান। একটি ঘটনার শুনানির জন্য তাকে কোর্টে তলব করা হলে তার অনুগতরা নানাভাবে হ্ট্টগোল শুরু করেন।
এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হাসানকে ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম বলেন, জাকির হাসান মিটিংয়ে আছেন। বিক্ষোভের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভ করেননি। তারা সেখানে কথা বলতে জড়ো হয়েছিলেন।
উল্লেখ্য, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ ও শরীফ মুহাম্মদ ফরহাদ যোগ দেওয়ার পর থেকে যাত্রী হয়রানি বন্ধ, চোরাচালানরোধে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এই দুই ম্যাজিস্ট্রেট যাত্রীদের আস্থার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন।


