রাজধানীর উত্তরখানে নেহাল সাদিক নামে দেড় বছরের শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর মা ফাহমিদা মীর মুক্তিও (২৫) আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উত্তরখানের মাস্টারপাড়ার সোসাইটি রোডের ওয়াহিদুজ্জামানের বাড়ির চারতলায় সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাদিক ভোলার দৌলতখান উপজেলার সৈয়দ সাজ্জাদ হোসেন বাবুর ছেলে। উত্তরখানের ওই বাসায় তারা ভাড়া থাকত।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে। এ সময় শিশুটির মাও আত্মহত্যার চেষ্টা চালান। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আছাদুজ্জামান আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবাকে উত্তরখান থানায় আনা হয়েছে। এ ছাড়া শিশুটির মা সুস্থ হলে জিজ্ঞাসাবাদে জানা যাবে কী কারণে তিনি সন্তানকে হত্যা করেছেন।


