উচ্চ আদালতের রায়ে মেয়র পদে ফেরার সুযোগ সৃষ্টি হওয়ার এক সপ্তাহের মাথায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে আবারো বরখাস্ত করেছে সরকার। সোমবার মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার তা প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়, “মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তার দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ হতে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।”
নাশকতার মামলায় আদালতে অভিযোগ দায়েরের পর গত বছরের ১৯ অাগস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে সরকার।
গত ১১ এপ্রিল মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এরপর গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান আপিল বিভাগে মান্নানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানালে তাতে সাড়া মেলেনি।
জামিনে কারামুক্ত হওয়ার দেড় মাসের মাথায় গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার আরও দুই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলকেও বরখাস্ত করেছে সরকার।


