বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুফতি হারুন ফের কারাফটক থেকে গ্রেপ্তার

Ctg+pic+01+(4)চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়া পর কারা ফটক থেকে আবার গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলাম নেতা মুফতি হারুণ ইজাহার। মঙ্গলবার দুপুরে কারাফটক থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে দ্বিতীয় বার তাকে জামিনের পর কারা ফটক থেকে গ্রেপ্তার করলো পুলিশ।

কোতোয়ালি থানার ওসি বলেন, “পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের একটি মামলায় মুফতি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বেলা ১২টার দিকে হারুনকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

গতবছর ২০ জানুয়ারি জামিনে ছাড়া পাওয়ার পরও কারাফটক থেকে অন্য মামলায় তাকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

হারুন বিন ইজাহার হেফাজত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আর তার বাবা মুফতি ইজাহারুল ইসলাম ওই সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর।

চট্টগ্রাম নগরীর লালখানবাজারে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রবাসের দায়িত্বে ছিলেন মুফতি হারুন।

পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ডগ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। সবগুলো মামলাতেই বাবা ও ছেলেকে আসামি করা হয়।

বিস্ফোরণের দুই দিন পর হাটহাজারি উপজেলার ইছাপুর গ্রামের এক বাড়ি থেকে হারুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মতিঝিলে হেফাজতি তাণ্ডব ও লালবাগ থানার অন্য এক মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন