রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে মঙ্গলবার একটি চারতলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ওই এলাকার ১২০২ নম্বর কলেজ রোডের চারতলার একটি ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের ওপর মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে হেলে পড়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা হেলে পড়া ভবনের বাসিন্দাদের সরিয়ে নেন। ভবনটি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


