রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেকে) একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের আরজিনা বেগম নামে এক প্রসূতি।
মঙ্গলবার সন্ধ্যায় একে একে ৫ সন্তানের জন্ম দেন তিনি। এদের ৩টি ছেলে ও ২টি মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে বিকালে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইনি চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজির নেতৃত্বে একদল চিকিৎসক সফল অস্ত্রোপচার করেন। জন্ম লাভ করে একে একে ৫টি ফুটফুটে সন্তান।
পারিবারিক সূত্র জানায়, বিয়ের প্রায় এক যুগ পেরিয়ে গেলেও সন্তান জন্ম দিতে পারছিলেন না আরজিনা। এ কারণে শ্বশুরবাড়ির লোকজন দেখতেই পারতো না আরজিনাকে। র্দীর্ঘদিনের বন্ধ্যাত্ব ঘুচিয়ে একসঙ্গে ৫টি সন্তানের জন্মদানে তার পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। আরজিনার সেবাযত্নও বেড়ে গেছে অনেকগুণ।
এই সংবাদ শুনে খুশি আরজিনার শ্বশুরবাড়ির পরিবার। শ্বশুর আব্দুল সফু শেখ এখন মহাআনন্দিত। সঙ্গেসঙ্গেই কিনে নিয়ে আসেন প্রয়োজনীয় ওষুধপত্রসহ পরিচর্যার অন্যান্য সামগ্রী। খুশি আরজিনার স্বামী শেরেগুল ইসলাম। তিনি ঢাকার ইবাইস গার্মেন্টেসে কর্মরত থাকলেও এখন ছুটি নিয়ে স্ত্রীর পাশে রয়েছেন।
রমেকের চিকিৎসক ডা. সিরাজুম মুনিরা ডেইজি জানান, ওই প্রসূতির সব বাচ্চাই সুস্থ রয়েছে। ১টি সন্তান কিছুটা দুর্বল হলেও অন্যদের ওজন ঠিক আছে।


