বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আবারো বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী

salam1461157748বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হচ্ছেন আবদুস সালাম মুর্শেদী। এই পদে বাকি তিন প্রার্থী বুধবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সালাম মুর্শেদী।

মনজুর কাদেরের নেতৃত্বে ‘বাঁচাও ফুটবল’ কমিটি থেকে সিনিয়র সহ-সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মঙ্গলবার সভা করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। এই প্যানেল থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলকে তাদের পক্ষ থেকে প্রার্থী করারও ঘোষণা দেন।

তবে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাফুফে ভবনে থাকল বিশেষ চমক। শুধু কাদের-লোকমান নন, সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেন না টুটুলও। এদিন কাদের-লোকমান-টুটুল তিনজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাম ‍মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার। তবে এই সমঝোতার পেছনে সরকারের সর্বোচ্চ মহলের হাত রয়েছে বলে আভাস পাওয়া গেছে।

এই নাটকীয়তার মধ্যে শেষ অব্দি বাকি পদগুলোতে কী চমক থাকছে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন