পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দ্বিতল ট্রেন চালুর প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
প্রাথমিক পর্যায়ে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ রুটে দ্বিতল ট্রেন পরিচালনার প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সম্ভ্যাবতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীর কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের জানান, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ দ্বিতল ট্রেন পরিচালনার প্রস্তাব করা হয়েছে। পাশ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে এই সার্ভিস চালু আছে। কিন্তু এই সার্ভিসের ক্ষেত্রে কিছু কারিগরি সমস্যা রয়েছে। এটা চালু করতে গেলে লাইন নতুন করে করতে হবে। ওভারব্রিজ, আন্ডারপাসগুলো নতুন করে করতে হবে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া ভারতগামী মৈত্রী ট্রেনের ইমিগ্রেশন ব্যবস্থা সহজ করতে শুধু ঢাকায় ও কলকাতায় ইমিগ্রেশন চেকিং ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।


