বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তৃতীয় দফায় ইউপি ভোট: আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

up_election_jugantor_10577তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে মাঠে নামছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের তাৎক্ষণিক সাজা দিতে তাদের সঙ্গে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। আগামী শনিবার তৃতীয় ধাপে ৬২০ ইউপিতে ভোট নেয়া হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির কর্মকর্তারা জানান, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পরদিন রোববার পর্যন্ত অবস্থান করবেন। এ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম কমিয়ে আনতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তাদের দৃশ্যমান অ্যাকশনে থাকতে বলা হয়েছে।

মাধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা : আজ মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনী আইন অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এ সময় কোনো ধরনের প্রচারণা, মিছিল, মিটিং করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। ইসি জানায়, ভোটগ্রহণের পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রায় যোগ দিতে পারবে না। একই সঙ্গে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃংখলামূলক আচরণ করতে পারবেন না। এমনকি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখাতে পারবেন না।

মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ : নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূর্ববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আরও পড়ুন