বিশ্বের ১৮০টি দেশের মধ্যে স্বাধীনতার দিক দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান ১৪৪তম। গণমাধ্যম নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’-এর ১০১৬ সালের সূচকে এমনটাই উঠে এসেছে।
পর্যালোচনা করা ১৮০টি দেশের মধ্যে সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া। এর ঠিক ওপরেই রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ওপরে রয়েছে চীন ও সিরিয়া।
সূচকে সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। সূচকে টানা ছয় বছর ধরেই প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। পরের অবস্থানে নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
এবারের সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪তম। গতবছর অবশ্য এর অবস্থান ছিল ১৪৬তম।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল ১০৫, ভারত ১৩৩, থাইল্যান্ড ১৩৬, ফিলিপাইন ১৩৮, শ্রীলঙ্কা ১৪১, মিয়ানমার ১৪৩, আফগানিস্তান ১২০, মালয়েশিয়া ১৪৬ ও পাকিস্তান ১৪৭তম অবস্থানে রয়েছে।
ফ্রান্সভিত্তিক এ সংগঠনটি দাবি করেছে, এবার বিশ্বের প্রায় সব অঞ্চলেই সংবাদপত্রের স্বাধীনতা কমেছে।
গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের পয়েন্ট হিসাব করে এই সূচক তৈরি করেছে তারা। তাদের হিসাব অনুযায়ী, গত বছরে বৈশ্বিক সূচক ছিল তিন হাজার ৭১৯ পয়েন্ট যা এ বছর বেড়ে হয়েছে তিন হাজার ৮৫৭ পয়েন্ট। অর্থাৎ, গত বছরের চেয়ে এ বছর গণমাধ্যমের স্বাধীনতা তিন দশমিক ৭১ শতাংশ কমেছে। ২০১৩ সাল থেকে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে ১৩ দশমিক ৬ শতাংশ।


