বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি বা এদের কোনো সংগঠন নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তবে দেশীয় জঙ্গি রয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এসব জঙ্গি নিয়ন্ত্রণে আছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো জঙ্গিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি, আর কোনদিন দেব না। এদের দমনে সরকার সোচ্চার রয়েছে। আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় এসব জঙ্গি কোনঠাসা হয়ে পড়েছে।
সজিব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হওয়া শফিক রেহমান স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছেন। সেইসঙ্গে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটিরও তদন্ত চলছে।
আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করে বলেন, শফিক রেহমানকে নিয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এসয় উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল বাতেন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর।


