বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করে: ইসি

9_16সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘বাড়াবাড়ি’ বন্ধ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে অনিয়ম, ত্রুটি ও বিচ্যুতিমুক্ত ভোট করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেওয়ার পর ইসি এই জবাব দিয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছি। দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আশ্বস্ত করেছেন, তারা সুন্দর নির্বাচন চান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন সুন্দর নির্বাচন হয়। এ নির্দেশনাকে আমরা স্বাগত জানাই।

“আমরাও বলেছি, তাদের যে নেতাকর্মী রয়েছে তারা যেন বাড়াবাড়ি না করে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।”

নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়ালে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

“যে কোনো বিশৃঙ্খলায় মাঠকর্মীদের বিরুদ্ধে যেন দলীয়ভাবেও ব্যবস্থা নেয়।”

এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জানায়, প্রধানমন্ত্রী ভোটে কোনো অনিয়ম দেখতে চান না।

“প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে- নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি উনি দেখতে চান না। সে নির্দেশনা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছি,” সাংবাদিকদের বলেন হানিফ।

গত ১১ ফেব্রুয়ারি ইউপি ভোটের তফসিল ঘোষণার পর থেকে দুই ধাপের ভোটে এ পর্যন্ত গোলযোগ-সহিংসতায় অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা হয়েছে।

তবে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২০ ইউপির ভোট সামনে রেখে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

তিনি বলেন, “আইন শৃঙ্খলা-বাহিনীর সঙ্গে বৈঠক করেছি দ্বিতীয়বার, তারাও আশ্বস্ত করেছে আরও শক্ত হবে। আগের অভিজ্ঞতা নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছি।”

এবার কোনো সন্ত্রাসী ও বেআইনি কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না বলে নির্বাচন কমিশনের অবস্থান জানান তিনি।

“দল-মত নির্বিশেষে আমরা বলতে চাই- সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। অনিয়মকারী প্রশ্রয় পাবে না। আইন শৃঙ্খলাবাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারাও অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন