বুধবার ৪ নভেম্বর ২০২৬

মৃত্যু, বোমবাজি, অশান্তির মধ্যে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট

India-Voteবৃহস্পতিবার পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।  চার জেলার ৬২টি আসনে ভোট নেওয়া হয়। কমিশনের দফতরে ২৭৭৭টি অভিযোগ জমা পড়েছে।

দুপুরেই অশান্ত হয়ে ওঠে ডোমকল। সিপিএম এজেন্টকে বুথ থেকে মেরে বের করে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে খুন করা হয়। মুর্শিদাবাদে রক্তপাত শুরু হয়েছিল প্রথম দফাতেই। প্রাণ গেল চতুর্থ দফায়। মুর্শিদাবাদের ডোমকলে বুথের সামনে, নৃশংসভাবে খুন করা হল সিপিএম কর্মী তহিদুল ইসলামকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাস্থল ডোমকল বিধানসভা কেন্দ্রের জিতপুরের নতুনপাড়া প্রাইমারি স্কুলের বুথ। কিছু একটা যে ঘটতে চলেছে, চারপাশে বারুদের গন্ধে, আগে থেকেই বোধহয় তা আঁচ করতে পেরেছিল এলাকাবাসী। হঠাৎই হইচই! ছুটতে শুরু করেন মহিলা-বৃদ্ধরা। আতঙ্কের জেরে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কে যেন বললেন, ওদিকে কে যেন খুন হয়ে গিয়েছে।

মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়ার পাশাপাশি ভোটগ্রহণ উত্তর কলকাতার ৭ আসনেও। যার মধ্যে রয়েছে কাশীপুর-বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি ও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে। এই সাত কেন্দ্রই প্রত্যেক দলের কাছেই প্রেস্টিজ ফাইট। মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের অগ্নিপরীক্ষা।

একনজরে ভোটের সারাদিন:
বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়ল-৭৯.২২ শতাংশ।

কলকাতা উত্তর-৫৭.০৫%

বর্ধমান-৭৮.২৬%

মুর্শিদাবাদ-৭৯.২৯%

নদিয়া-৮১.৬২

রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে রেজ্জাকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

জোড়াসাঁকোয় বাবুলের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আঙুল উঁচিয়ে শাসানি।
রায়নার পশ্চিম পাড়ায় বুথের ঢিলছোড়া দূরত্বে ব্যাপক বোমাবাজি। রায়না মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ ও ১২৪ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী ঘিরে বিক্ষোভ ভোটারদের। পরে বাহিনীর হস্তক্ষেপে ভোট দিতে পারেন ভোটাররা

কলকাতায় মানিকতলা বিধানসভাকেন্দ্রে বেঙ্গল কেমিক্যাল মোড়ে হারবার্ট হাউসের ২১২ নম্বর বুথে খোলা জানলার পাশে ইভিএম। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অবশ্য তড়িঘড়ি জানালা বন্ধ করে দেওয়া হয়।

কেতুগ্রামে কান কেটে নেওয়া হল সিপিএম কর্মীর। মেরে ভেঙে দেওয়া হল পা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।

এন্টালি কেন্দ্রের ক্রিস্টোফার রোডের কিরণচন্দ্র গার্লস হাইস্কুলের ১২৩ নম্বর বুথের সিপিএম পোলিং এজেন্ট সুশান্ত দেবকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে কেন্দ্রীয় বাহিনী ও প্রিসাইডিং অফিসারের সামনেই সিপিএম প্রার্থী দেবেশ দাসকে ঘিরে তৃণমূল এজেন্টদের বিক্ষোভ।

রাজ্যে ভোটপ্রচারে এসে ফের তৃণমূলকে আক্রমণ মোদীর। এদিন বসিরহাটের সভা থেকে মোদীর দাবি, ‘কেন্দ্র টাকা দিলেও, রাজ্য খরচ করে না। রাজ্যে কোনও সরকারই পানীয় জলের সমস্যা মেটায়নি বলেও অভিযোগ করেন মোদী। তিবনি আরও বলেন, ‘মমতা বলতেন বামেদের সূর্যাস্ত হয়ে গেছে। সবাই ভেবেছিলেন পরিবর্তনের পর, রাজ্যে নতুন সূর্যোদয় হবে। কিন্তু অমাবস্যার অন্ধকার ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। ৫ বছর ধরে অন্ধকারে ডুবে রাজ্য।’

কমিশনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জের। অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা আনোয়ার খান। দমদমের সেভেন ট্যাঙ্কস এলাকা থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জেরে তৃণমূল নেতাকে গ্রেফতারের জন্য সিপিকে নির্দেশ জেন নির্বাচন কমিশন। কাশীপুর উদ্যানবাটি এলাকায় আনোয়ার খানের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। কিন্তু, পুলিশি নজরদারির মধ্যেই উধাও হয়ে যান ওই নেতা। অবশেষে গ্রেফতার।

চাকদা কেন্দ্রে চাকদা কলেজের ৬৮ নম্বর বুথে ভোটারকে বেধড়ক মারধর। ফাটিয়ে দেওয়া হল নাক-মুখ। আহতের নাম সমীর দেবনাথ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। চাকদা থানায় অভিযোগ দায়ের।

মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের জিতপুরের কাছে, শিরোপাড়ায় বুথের সামনে সিপিএম এজেন্টকে গুলি করে খুন। মৃতের নাম তাহিদুল ইসলাম। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের জিতপুরে ১৭৭ ও ১৭৮ নম্বর বুথের সামনে বোমাবাজি। গুলিও চালানো হয় বলে অভিযোগ। ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে পুলিশের নজরবন্দি দাপুটে তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী। গতকাল এই কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ জামিনে মুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটারদের হুমকি ও প্রভাবিত করার অভিযোগ জান।

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের রতন বাবু রোডের, মণীশঙ্কর বিদ্যাপীঠের ২০ নম্বর বুথের ঘটনা। বুথের ভিতরে সাদা পোশাকে ঘুরতে দেখা যায় পুলিশকে।

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের দমদম রোডে সিআইটি গার্লস স্কুলের ১৫৮ থেকে ১৬৩টি, পাঁচটি বুথের সিপিএম পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের বিরুদ্ধে।

অশান্তি এড়াতে জোড়াসাঁকো কেন্দ্রের রবীন্দ্র সরণিতে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

আরও পড়ুন