চায়না, একজন নারী রেসলার। চায়না নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল জোয়ান লরা। সর্বকালের শ্রেষ্ঠ এবং সফলতম নারী রেসলার হিসেবে স্বীকৃত তিনি। রেসলিংয়ে নারীদের উপস্থিতি শরীরি আবেদনের জন্যই বিকোয়, তবে চায়না ছিলেন অন্যরকম। নারীদের কাছে তো বটেই, পুরুষ রেসলারদের কাছেও তিনি ছিলেন আতঙ্কের নাম।
পেশাদার রেসলিংয়ে কার্ট অ্যাঙ্গেল, ক্রিস জেরিকো, ট্রিপল এইচের মতো তারকাদেরও পরাস্ত করেছেন তিনি। রেসলিং জগতের এই উজ্জ্বল তারকা বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বিবিসির খবরে বলা হয়, জাপান থেকে ফিরে আসার পর ক্যালিফোর্নিয়ার রেডোন্ডো বিচে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। বিষয়টি নিশ্চিত করে তার ম্যানেজার টুইট করেছেন, ‘খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি, এক সত্যিকারের আইকনকে হারিয়েছি আমরা, যিনি ছিলেন বাস্তব জীবনের এক সুপারহিরোইন। অসংখ্য ভক্তের স্মৃতি আর ভালোবাসার মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন।’
চায়নার এক বন্ধু স্থানীয় পুলিশকে জরুরীভিত্তিতে আসার অনুরোধ করলে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বন্ধুটি চায়নাকে কয়েকবার ফোন করে জবাব না পেয়ে তাকে খুঁজতে এসেছিলেন।
চায়না ১৯৯৯ সালে পেশাদার রেসলারদের প্রতিযোগিতা ‘রয়্যাল রাম্বল’ এবং ‘কিং অব দ্য রিং’-এ লড়াই করেন তিনি। ক্যারিয়ারজুড়েই সবসময় তাঁকে লড়াই করতে হয়েছে মাদকাসক্তির সঙ্গে। ২০০৮ সালেই তিনি ভর্তি হয়েছিলেন একটি মাদকাসক্তি নিরাময় সংস্থায়।
২০০৪ সালের দিকে রেসলিং ক্যারিয়ারে ইস্তফা দিয়ে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন চায়না। ২০১৩ সাল পর্যন্ত ছিলেন নীল ছবির দুনিয়ায়। পরে সেটি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন জাপানে। সেখানে একটি স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি।


