শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

শীতলক্ষ্যায় নৌকাডুবি: ছেলের ২৪ ঘণ্টা পর মিলল মায়ের লাশ

sitolokha_10703নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ ছেলের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পর উদ্ধার হল মায়ের লাশ।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মা সেতু বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুর্ঘটনার ১২ ঘণ্টা পর ছেলের লাশ এবং ৩৬ ঘণ্টা পর মায়ের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

গত বুধবার রাতে বন্দর ১নং খেয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ওই ঘটনা ঘটে।

এতে মা সেতু বেগম (৩৫) ও ছেলে সাফিন (৪) নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় বন্দরের মাহমুদনগরে সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর পাশে নদীতে ভাসমান অবস্থায় শিশু সাফিনের লাশ উদ্ধার করা হয় এবং শুক্রবার সকাল সাড়ে ৭টায় পাওয়া যায় সেতু বেগমের লাশ।

নিহত সেতু বেগমের স্বামী চাঁন মিয়া লাশটি শনাক্ত করেন। তিন ধরে পানিতে থাকায় লাশটি বিকৃত হয়ে গেছে।

বন্দর থানা ওসি আবুল কালাম জানান, নৌ-দুঘর্টনায় নিখোঁজ হওয়া মা-ছেলের দুটি লাশই উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন