বুধবার ৪ নভেম্বর ২০২৬

যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর

rajshahi-uni_207609নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।

শাস্তিপ্রাপ্ত অধ্যাপক কামরুল হাসান মজুমদার রাবি শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “বিষয়টি সিন্ডিকেটে উঠলে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সবদিক বিবেচনা করে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ছাড়া বাকি সকল সদস্য তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি অনুমোদন দেয়। উপ-উপাচার্য এ বিষয়ে দ্বিমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।”

জানা গেছে, ২০১৪ সালের ২১ অক্টোবর বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেয়। এতে বলা হয়, শিক্ষক কামরুল হাসান মজুমদার মোবাইল ফোনে তাকে একাধিকবার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে সম্মত হলে বিভাগের পরীক্ষায় ভালো ফলাফলের নিশ্চয়তাসহ বিভিন্ন লোভনীয় সুযোগের ব্যাপারে প্রলুব্ধ করেন তিনি।

ছাত্রীটি আরও জানান, প্রথমদিকে ওই শিক্ষককে নানাভাবে নিবৃত্ত করার চেষ্টা করলেও যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিপীড়ন নিরোধ কমিটি তদন্ত শুরু করে। তদন্তের অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ২৭ এপ্রিল অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়।

নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশে সিন্ডিকেটের ৪৬১তম সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান আবারও তদন্তের দাবি জানান।

এরই পরিপ্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়। ওই কমিটি পুনরায় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া সত্ত্বেও বয়স ও শিক্ষকের সম্মানের কথা বিবেচনা করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে।

আরও পড়ুন