বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে রক্তের গঙ্গা বইছে। নির্বাচন জনকল্যাণের জন্য হলেও আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে হত্যা হচ্ছে। এ নির্বাচন কখনই গ্রহণ করা যায়না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।
নির্বাচন কমিশনারের সমালোচনা করে মাহবুবুর রহমান বলেন, যেখানে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে নির্দেশ দিবেন তা না দিয়ে সেখানে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। এ থেকেই বোঝা যায় নির্বাচন কমিশনের দুর্বলতা।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে দেয়া সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে তারা ব্যর্থ। গত ৫ই জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে আজকে সর্বনিম্ন নির্বাচনেও একই অবস্থা চলছে।


