বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরযাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২, বরসহ আহত ৩০

accident_jugantor_10748নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বরযাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। একই ঘটনায় বরসহ আরও ৩০জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে মদনপুর-এশিয়ান হাইওয়ে রোডের সোনারগাঁ উপজেলার নয়াপুর কাঠালিয়া বৈইলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরযাত্রী সত্য চন্দ্র দাশ (২৬) ও অজ্ঞাতনামা বাসের হেলপার (২৮)।

আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি এলাকার সৌরভ নামের এক যুবকের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পিতলগঞ্জ এলাকার দীপা রানীর শুক্রবার রাতে আনুষ্ঠানিক বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাতে ৪০জন বরযাত্রী নিয়ে গজারিয়া পরিবহনের (গাজীপুর-জ-০৪-০০৭০) একটি বাস রূপগঞ্জের কাঞ্চন এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে রাত সাড়ে ৯টার দিকে মদনপুর-এশিয়ান হাইওয়ে রোডের সোনারগাঁ উপজেলার নয়াপুর কাঠালিয়া বৈইলর এলাকায় বাসটি পৌছালে সেখানে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্টো-ন-১৪-৭৭৯৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার উপর উল্টে দুমড়ে মুচড়ে  ঘটনাস্থলেই বরযাত্রী সত্য চন্দ্র দাশ (২৬) ও অজ্ঞাতনামা বাসের হেলপার (২৮) নিহত হয়।

আহত হন বরযাত্রী ও পিকআপ ভ্যানের চালকসহ কমপক্ষে আরও ৩০ জন। আহতদের মধ্যে বরযাত্রী সমতা চন্দ্র, রামেন্দ্র, বর সৌরভ, শেফালী, রিতা, সুব্রত, বৃষ্টি, রামচন্দ্র ও পিকআপ ভ্যানের চালক রবিউল ইসলামের নাম জানা গেছে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের পৃথক দুটি দল এবং বন্দর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ২ জন বরযাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বরযাত্রীদের বহন করা বাসের চালক বাসটি উল্টো পথ দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন