তৃতীয় ধাপে দেশের ৬১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট চলছে। শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই ভোট হবে।
আগের দুই ধাপের মতো তৃতীয় ধাপেও দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষসহ নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে।
এর আগে ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের মধ্য দিয়ে গত ২২ মার্চ ৭১২টি ও ৩১ মার্চ ৬৩৯টি ইউপিতে ভোট হয়। নির্বাচন কমিশন- ইসির ব্যর্থতায় ওই দু’ধাপসহ গতকাল শুক্রবার পর্যন্ত সহিংসতায় ৫৮ জন নিহত হয়েছে।
যুগান্তরের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে ভোটের নানা অনিয়ম-সহিংসতা তুলে দেয়া হচ্ছে;
জাল ভোটের ছবি তোলায় সাংবাদিকদের পিটুনি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে জাল ভোটের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মারপিটে তিন সাংবাদিক আহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা এসি একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্রসাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ।
আহত সাংবাদিকরা জানান, সকালে চুন্টা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহানের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা স্থানীয় এসি একাডেমি কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছিলেন। এ সময় জাল ভোটের ছবি তুলতে গেলে তারা চড়াও হয়ে সাংবাদিকদের মারপিট করে। এতে সুমন কানে রক্তাক্ত জখম হয়েছেন। ক্যামেরাও ভাঙচুর করেছে ক্ষমতাসীনরা।
শেরপুরে জালভোটের গুজবে সংঘর্ষ, আহত ১৮
ভোটের আগেই জেলা সদরের চর পক্ষীমারি ও চর শেরপুর এলাকায় কেন্দ্র দখল, জালভোট ও আধিপত্য বিস্তারের চেষ্টায় পৃথক সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চর পক্ষীমারি এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
অন্যদিকে, শুক্রবার ভোরে চর শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হন।
ঝিনাইদহে চেয়ারম্যান প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহজাজান আলী শেখের ভাই আকবর আলী শেখকে (২৮) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সনোয়ার হোসেন চানার সর্মথকরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের পশ্চিম বালিয়াডাংগা বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে কোটচাদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় দফায় দেশের ৪৮টি জেলার ৮৭টি উপজেলার ৬১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের রায়পুরের দুটি ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দুই ইউপিতে ভোট হবে না।
বাকি ইউপিতে ২ হাজার ৬৭২ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৪টি রাজনৈতিক দলের মনোনয়নে ১ হাজার ৪৮৭ জন ও স্বতন্ত্রভাবে ১ হাজার ১৮৫ জন প্রার্থী হয়েছেন।
তৃতীয় দফায় ২৫ ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই। ৭৬ ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই।


