বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জয়ের ‘ফেসবুক স্ট্যাটাসে’ শফিক রেহমান গ্রেপ্তার

140616_1কোনো সুনিদিষ্ট অভিযোগে নয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করে বিশিষ্ট সাংবাদিক সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মার্কিন আদালতে জয়কে অপহরণ ও হত্যার অভিযোগ আমলে না নিলেও শুধুমাত্র জয়ের ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফেসবুক স্ট্যাটাসের কারণে গোপনে মামলা করে শফিক রেহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। এছাড়াও বিএনপি নেতারা এর সাথে জড়িত বলে আওয়ামী লীগের নেতারা প্রচার করছে। এটা অমানবিক ও নিপীড়নমূলক।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় শফিক রেহমানকে দুই দফায় দশ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  এ মামলায় মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ, যার শুনানি হওয়ার কথা রয়েছে ২৫ এপ্রিল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, আমির মাহমুদ খসরু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স,  সহ তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

আরও পড়ুন