বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে: জয়

Joy-Shafiqগুপ্তচরবৃত্তি ও ফৌজদারি অপরাধে যুক্তরাষ্ট্রেও সাংবাদিক শফিক রেহমানের বিচার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের মামলায় সম্প্রতি গ্রেফতার হন সাংবাদিক শফিক রেহমান। পরে পুলিশ তাকে নিয়ে তার বাসায় তল্লাশি চালায়। এসময় বাসায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর কিছু ‘গুরুত্বপূর্ণ নথি পাওয়া’ গেছে বলে দাবি পুলিশের। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ওঠে। অনেকেই মন্তব্য করেন সাংবাদিক হিসেবে তার বাসায় গুরুত্বপূর্ণ নথি থাকতেই পারে। এমন আলোচনার জবাবে শুক্রবার রাত ১২টার পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে সজীব ওয়াজেদ জয় লিখেন,

“বিএনপি এবং আমাদের ‘সুশীল সমাজ’ এর একটি অংশ শফিক রেহমানের সাফাই গাইতে ব্যস্ত রয়েছেন। তাই, আমি এ বিষয়ে কিছু নিরেট বাস্তবতা তুলে ধরছি- যুক্তরাষ্ট্রের আদালতের রেকর্ড অনুযায়ী, অভিযুক্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক টেক্সট ম্যাসেজে লিখেছেন যে রিজভী আহমেদ সিজার আমাকে ‘অফ’ করতে চায়। মেরে ফেলার অর্থে স্ল্যাং হিসাবে আমেরিকায় এই শব্দটা ব্যবহার করা হয়। তাই, আহমেদ তার ষড়যন্ত্রের সহযোগীকে বলেছে, সে আমাকে হত্যা করতে চায়, আর সেটা সে গ্রেফতার হওয়ার অনেক আগেই। গ্রেফতার হওয়ার পর তাকে জেরার দায়িত্বে থাকা এজেন্টদেরও সে একই কথা জানিয়েছে। ট্রায়ালের মাধ্যমে আহমেদ দোষী সাব্যস্ত হয়নি। সে অপেক্ষাকৃত লঘু অপরাধে দোষী বলে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, যা গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীরা মামলা হেরে যাওয়া ও দীর্ঘ কারাবাস এড়াতে করে থাকে। হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তার দীর্ঘসময় জেল খাটার সম্ভাবনা থাকলেও সেই স্বীকারোক্তির মাধ্যমে সে কারাবাসের মেয়াদ কমিয়েছে।”

জয় তার স্ট্যাটাসে আরও লিখেন, “লাস্টিকের সঙ্গে শফিক রেহমানের সরাসরি যোগাযোগ ছিল। যদি তথ্য যোগাড় করার জন্য কোনো সাংবাদিক অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেন, সেক্ষেত্রে সেটা অপরাধ। এটা যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধ, তাই যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে। সবশেষে জানাতে চাই, শফিক রেহমান মার্কিন নাগরিক না হয়েও ঘুষের মাধ্যমে এফবিআই এর গোপন নথি কিনেছেন। যুক্তরাষ্ট্রে এটা গুপ্তচরবৃত্তি এবং এর শাস্তি কোনো দুর্ভেদ্য যুক্তরাষ্ট্রীয় জেলে আজীবন কারাবাস।”

এদিকে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানকে শুক্রবার ২২ এপ্রিল আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রথম দফা রিমান্ড শেষে শুক্রবার দুপুরে শফিক রেহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বেলা সাড়ে তিনটায় শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়; যা শুক্রবার শেষ শেষ হয়।

আরও পড়ুন