শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

১৫০ হিন্দু পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করছে আওয়ামী লীগ নেতা

Chougasa-dদেড় শতাধিক হিন্দু পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে যশোরের চৌগাছায়। স্থানীয় এক আওয়ামী লীগ ওই সব হিন্দু পরিবারের জমি স্বল্পমূল্যে কিনে নিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে বলে অভিযোগ।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। যদিও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্য পরিষদ যুব শাখার ব্যানারে উপজেলার শহরের ভাস্কর্য মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে।তারা হিন্দু বিতাড়নে অভিযুক্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিচার দাবি করেন।মানববন্ধনে নেতৃত্বদেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, যুগ্ম সম্পাদক সাজ্জাদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বিদ্যুৎ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুবেল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের চৌগাছা উপজেলা সভাপতি পরিমল সরকার, ঐক্য পরিষদ নেতা অভিজিৎ রায়, সন্দীপ কুমার জয়, সুমন্ত বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, উপজেলার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহীন রহমান ও তার সন্ত্রাসী বাহিনী হুমকি-ধামকি দিয়ে ওই ইউনিয়নের ১৬০-১৬৫টি পরিবারকে স্বল্পমূল্যে তাদের জমি-জমা, বাস্তু-ভিটা বিক্রি করে দেশ ছাড়তে বাধ্য করেছেন। পাশাপোল ইউনিয়নের রানীয়ালী, বাড়িয়ালী, হাউলী, মালিগাতি, বড়গোবিন্দপুর ও সরিষাগাতি গ্রামের এসব সংখ্যালঘু পরিবার দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাতে বাধ্য হয়েছে।

তারা বলেন, উপজেলার রানীয়ালী গ্রামের পরেশ মন্ডলের চার ছেলের ১০০ বিঘা জমি ছিল।  চেয়ারম্যান শাহীনের বাহিনী ভয়-ভীতি দেখিয়ে তাদের স্বল্পমূল্যে এই জমি বিক্রি করে সপরিবারে ভারতে চলে যেতে বাধ্য করেছেন।

রানীয়ালীতে এক ব্যবসায়ী পোল্ট্রি ফিড উৎপাদনের কারখানা করেছেন। ওই কারখানার মালিকের কাছে এসব জমি বিক্রি করতে ইউপি চেয়ারম্যন গ্রামের সংখ্যালঘুদের বাধ্য করেন। কেউ জমি বিক্রি করতে না চাইলে যশোর শহরের সশস্ত্র সন্ত্রাসী ও চেয়ারম্যানের পোষা সন্ত্রাসী বাহিনী রাতের আঁধারে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের জমি বিক্রি করে ভারতে চলে যেতে বাধ্য করে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, চেয়ারম্যান শাহীন ও তার বাহিনীর অত্যাচারে ওই ইউনিয়নের ১৬০-১৬৫টি হিন্দু পরিবার ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। আমি এ ব্যাপারে এমপি মহোদয় ও প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান এ বিষয়টি আমাকে জানানোর পর আমি যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চৌগাছার উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, আমি এখানে (চৌগাছা)  যোগদানের পর এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান শাহীন রহমান। তিনি বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, ইউএনও দেলোয়ার হোসেন মাতুব্বরের সময়ে এ বিষয়ে তদন্ত হলেও তারা কোনো সত্যতা পায়নি।

আরও পড়ুন