
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপের’ এক টুইটের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই আজ শনিবার এ কথা জানায়।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, আইএস নিয়ন্ত্রণাধীন বার্তা সংস্থা আমাক-এ আইএস রেজাউল করিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এতে বলা হয়, বাংলাদেশে নাস্তিক্যবাদের প্রতি আহ্বানের কারণেই রেজাউল করিমকে হত্যা করা হয়েছে
এদিকে সারা দেশে ব্লগার হত্যার আঘাতের ধরনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী (৫৮) হত্যার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ইসলামি চরমপন্থীদের হাতে তিনি খুন হয়েছেন। হত্যাকাণ্ড সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন এ কথা বলেন।


