রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে রবি ও সোমবার দু’দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম শান্তনু রাতে জানান, শনিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্মঘট চলাচলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
ক্লাশ-পরীক্ষা বর্জনের কর্মসূচির পাশাপাশি রোববার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে মৌন মিছিল ও বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট মানববন্ধন কর্মসূচি রয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
এর আগে দেশের সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে রোববার স্বত:স্ফূর্ত ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পক্ষে থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।
কনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ে তিনটি বড় কোপের আঘাত দেখা যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।


