অর্থ আত্মসাৎ করার মামলায় উত্তরা ব্যাংকের দারুস সালাম শাখার সাবেক ব্যবস্থাপকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত এই আসামিদের চার কোটি টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। তবে আসামিরা পলাতক রয়েছেন।
রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান এই আদেশ দেন।
আসামিরা হলেন- ব্যাংকের সাবেক ব্যবস্থাপক খান আহসান এরতাজুল ইসলাম, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মিজানুর রহমান, মেসার্স অ্যাপারেল সোর্সেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী শাহিন আহমেদ খান বলেন, এই আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে ৪ কোটি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করেন। তা দিয়ে পোশাক তৈরি করলেও রপ্তানি না করে খোলা বাজারে মাল বিক্রি করে। এর মাধ্যমে তাঁরা এসব টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
মামলার নথিপত্রে দেখা গেছে, ২০০৩ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন ব্যুরোর সাবেক পরিদর্শক হারুন উর রশিদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৫ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক ফজলুল বারী এই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।



Leave a Reply