রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পাশে আজিজুল হাকিম (২৮) নামে এক বিকাশকর্মীকে গুলি করে তার কাছে থাকা ৫-৬ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
গুলিতে আজিজুল মারাত্মকভাবে আহত হন। তিনি গাবতলীর বাগবাড়িতে অবস্থিত বিকাশে এজেন্ট শুভ্র ট্রেড ইন্টারন্যাশনালের ডিসট্রিবিউটর হিসেবে কর্মরত।
শুভ্র ট্রেডের ম্যানেজার জামিল হোসেন জানান, আজিজুল মিরপুর কমার্স কলেজ এলাকায় বিকাশের টাকা তুলতে যায়। টাকা তোলার সময় একটি মোটরসাইকেলে একজন এবং পাশের দোকানে থাকা আরও দু’জন তার গতিরোধ করে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আজিজুল বাধা দেন। এ সময় আজিজুলকে গুলি করে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হোসেন জানান, ঘটনাটি শুনেছি। টাকার পরিমাণ কত ছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


