রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যায় আইএসের দায় স্বীকারের দাবির বিষয়টি ‘বায়বীয়’ বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটির মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘যেকোনো ঘটনায় আইএসের দায় স্বীকারের অপসংস্কৃতি চালু হয়েছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।’
মনিরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে যেকোনো খুন হলে এমনকি ককটেল ফুটলেও আইএস দায় স্বীকার করবে। এমন ভার্চুয়াল দায় স্বীকার করতে তো আর কোনো তথ্য-প্রমাণ লাগে না।’
ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাজশাহীর অন্য শিক্ষকদের হত্যার ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে, আবার কয়েকটা মামলার তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের কেউ আইএস বা আল কায়েদার বলে স্বীকার করেনি।’
উল্লেখ্য, ২৩ এপ্রিল শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার এ হত্যার দায় আইএস স্বীকার করেছে বলে জানিয়েছে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।


