রবিবার ৮ নভেম্বর ২০২৬

সংসদের দশম অধিবেশন শুরু, চলবে ৫ মে পর্যন্ত

parlimentসরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনে রবিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ৮ কার্য দিবসের এই অধিবেশন আগামী ৫ মে পর্যন্ত চলবে।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই কমিটি সংসদ অধিবেশনের মেয়াদ ও সময় নির্ধারণ করে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত অধিবেশন চলবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ স্পিকার বাড়াতে বা কমাতে পারেন। একইসঙ্গে প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজুলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ ও মাঈন উদ্দীন খান বাদল।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- অধ্যাপক আলী আশরাফ, এ বি এম তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরুল ইমাম ও জহুরা বেগম। পরে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

জাতীয় সংসদে নেওয়া শোক প্রস্তাবে উল্লেখ্যযোগ্যদের মধ্যে ছিলেন— এনামুল হক মোস্তফা শহীদ, ড. আর এ গনি, মো. মজিবর রহমান, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, আবদুল মালেক, ডা. রফিকুল হোসেন, মো. সিরাজুল ইসলাম ভূইয়া, মেজর অব. সামসুল হুদা বাচ্চু, ফিরোজা জামান ও মো. আতাউর রহমান।

এছাড়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা, ভারতের সাবেক সেনা প্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, ভাসা সৈনিক নাগিনা জোহা, একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতিসহ বরেণ্য অনেকের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করেছে।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াতকে ছাড়াই এই সংসদ যাত্রা শুরু করে। এরপর ৯টি অধিবেশন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২৯ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। গত ২০ জানুয়ারি ওই অধিবেশন শুরুর দিন বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। মোট ২৭ কার্যদিবসের নবম অধিবেশনে ৯টি সরকারি বিল পাস হয়।

আরও পড়ুন