দুর্নীতির বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাতে ও সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুদকের প্রধান কার্যালয় সূত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের জেলা হিসাবরক্ষণ অফিসের সুপার (বর্তমানে রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা) আবদুস সবুর, গাজীপুরের পুবাইল রোডের মৃধা স’ মিলের মালিক হাবিল উদ্দিন মৃধা, দিনাজপুরের বিরল উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান মুন্সি ও দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শরিফুল আলম।
এ নিয়ে গত ৩০ দিনে সারা দেশে অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২৭ মার্চ থেকে গ্রেপ্তার অভিযান শুরু করে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, কক্সবাজারের জেলা হিসাবরক্ষণ অফিসের সুপার (বর্তমানে রামু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা) আবদুস সবুরের বিরুদ্ধে ভুয়া বিল তৈরি করে ৩ কোটি ২৭ লাখ ৯ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১০ ফেব্রুয়ারি কক্সবাজার থানায় মামলা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। সোমবার দুপুরে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।
বিদেশি ব্যাংকের জাল চেক তৈরি করে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ ২১ হাজার ৯২৬ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের পুবাইল রোডের মৃধা স’ মিলের মালিক হাবিল উদ্দিন মৃধার বিরুদ্ধে ২০১৪ সালের ডিসেম্বরে মামলা করে দুদক। আজ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের বিরল উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান মুন্সির বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। একই অভিযোগে মামলা রয়েছে খানসামা উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শরিফুল আলমের বিরুদ্ধে। রোববার রাতে দিনাজপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে দুদক।


