রবিবার ৮ নভেম্বর ২০২৬

তনুর প্রতিবাদী হরতালে ৩৭ নেতাকর্মী আটক

hortal-atokকুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে সারাদেশে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা আধাবেলা হরতাল চলাকালে ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম। বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগসহ ১২ জন, জয়পুরহাটে ৭ জন, লক্ষীপুরে ৮ জন, গাজীপুরে ৮ জন, জামালপুর ও বগুড়ায় ১ জন করে সারাদেশে অন্তত ৩৭ জন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া রংপুর ও বরিশালে পুলিশ-ছাত্রলীগের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বলেন, ‘হরতালের সমর্থনে আমরা সকাল সাড়ে ৬টা থেকে শাহবাগ মোড়ে অবরোধ করি। শাহবাগ মোড় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হয়নি।’ তবে হাসপাতালের রোগী ও অ্যাম্বুলেন্সের চলাচল করতে দেয়া হয় বলে জানান তিনি।

লিটন নন্দী বলেন, ‘তনু হত্যাকাণ্ডসহ সারাদেশে হত্যা ধর্ষণের ঘটনায় আমাদের এই হরতাল। এর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনাও যুক্ত করেছি আমরা।’

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু গত ২০ মার্চ ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় খুন হন।

খুনি শনাক্ত না হওয়ায় এবং ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে বাম ছাত্র সংগঠনগুলো গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়া।

আরও পড়ুন