বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ওলামা লীগ কোনো নেতার পকেটের সংগঠন নয়’

Olama-League-ওলামা লীগ কোনো নেতার পকেটের সংগঠন নয় বলে মন্তব্য করেছেন একাংশের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘দলে কিছু সুবিধাভোগী নেতা না করলেই ওলামা লীগ আওয়ামী লীগ থেকে বাদ হয়ে যাবে না। যারা ওলামা লীগকে বাটপার সংগঠন বলছেন, তারাই আমাদের সমাবেশে বক্তব্য দিয়েছেন।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সম্পর্কে কতিপয় আওয়ামী লীগ নেতার বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও নেতৃত্বেই আওয়ামী ওলামা লীগ দেশব্যাপী সুসংগঠিত হয়।

আবুল হাসান বলেন, দলের সুবিধাভোগী নেতারা নিকট অতীত ইতিহাস ভুলে গেছেন। তারা নিজেদের ছাড়া কাউকে প্রয়োজন মনে করছেন না। রাজপথে নির্যাতিত নেতাদেরকে মূল্যায়ন করছেন না। ওলামা লীগের মিথ্যা সমালোচনাকারীরা কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ওলামা লীগ আওয়ামী লীগের প্রতাগত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দাবি করে না। ওলামা লীগ আওয়ামী লীগের নিখাঁদ ও পরীক্ষিত ভ্রাতৃপ্রতিম সংগঠন।

সমালোচনাকারীদের উদ্দেশ্য তিনি বলেন, ওলামা লীগের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গেই সংগতিপূর্ণ ও সাদৃশ্য।

প্রসঙ্গত, ওলামা লীগ আওয়ামী লীগের স্বীকৃত কোনো অঙ্গ-সংগঠন নয়। সংগঠনটির কয়েকটি গ্রুপ রয়েছে। সবাই নিজেদেরকে প্রকৃত ওলামা লীগ বলে দাবি করে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওলামা লীগের একাংশের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহম্মদ আকতার হুসাইন বুখারী, একাংশের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, শায়েখ আলহাজ্ব মুফতি মাসুম বিল্লাহ।

আরও পড়ুন