শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বাসায় ঢুকে দীপু মনির ভাইসহ ২ জনকে কুপিয়ে হত্যা

Dipu-Bhaiদুই দিন আগে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আজ সোমবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারারক্ষীকে হত্যা করার মধ্যেই রাজধানীর কলাবাগানে দুই ব্যক্তিকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকালে লেক সার্কাস রোডের ওই বাসায় নিহতদের একজন জুলহাজ মান্নান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই।

জুলহাজ মান্নান সমকামীদের অধিকারের দাবিতে সোচ্চার ছিলেন। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পক্ষে ‘রূপবান’ নামে একটি সাময়িকী সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি।

তার সঙ্গে নিহত ব্যক্তির নাম মাহবুব রাব্বী তনয় (২৬)। লোকনাট্য দলের কর্মী তনয় অধিকারকর্মী জুলহাজের বন্ধু ছিলেন। হামলায় দুজনে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তনয় পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসাবে কাজ করতেন বলে তার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে।

হামলাকারীদের অস্ত্রাঘাতে পারভেজ মোল্লা নামে বাড়ির এক দারোয়ান আহত হয়েছেন। তাদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হয়েছেন বলেও জানিয়েছেন ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান।

বিশ্ববিদ্যালয় শিক্ষক খুনের দুদিনের মাথায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরের কারাফটকের কাছে এক সাবেক কারারক্ষী খুনের পর এগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার কয়েক ঘণ্টার মধ্যে জুলহাজসহ দুজনকে হত্যা করা হয়।

লেকসার্কাস রোডের আছিয়া নিবাস নামে ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে মা ও  থাকতেন জুলহাজ। বিকাল ৫টার দিকে সেখানেই দুর্বৃত্তরা হানা দেয় বলে বাড়ির পাহারাদার সুমন জানিয়েছেন।

আহত সহকর্মী পারভেজ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুমন।

সুমন বলেন, “বিকাল ৫টার দিকে ওই যুবকরা দ্বিতীয় তলায় জুলহাস ও আরেকজনকে কুপিয়ে যায়। তখন পারভেজ মোল্লা এগিয়ে গেলে তাকেও কোপ দেয়।”

আহত দারোয়ান পারভেজ মোল্লা সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে তিন যুবক পার্সেল দেওয়ার কথা বলে জুলহাজ মান্নানের ফ্ল্যাটে যেতে চান। তাদের ঢুকতে দিয়ে তিনিও পেছন পেছন দোতলায় ওঠেন।

দারোয়ান পারভেজ মোল্লা বলেন, “দরজা নক করলে জুলহাজ স্যার দরজা খোলেন। তাদের দেখে আবারও দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তখন তারা বাসায় জোর করে ঢুকতে চায়। আমি তাদের বলি, স্যার যেহেতু ঢুকতে দিতে চান না, আপনারা চলে যান। এ কথা বলার পরই আমাকে আঘাত করে।”

পারভেজ লুটিয়ে পড়লে ওই যুবকরা জোর করে ঘরে ঢুকে জুলহাজ ও তার সঙ্গে থাকা অন্যজনকে (তনয়) কোপাতে থাকে বলে জানান দারোয়ান পারভেজ।

দারোয়ান বলেন,“ওই সময়ে আমি চিৎকার করি, স্যারও চিৎকার করতে থাকেন। ওই সময় বাসার নিচে কয়েক রাউন্ড গুলির আওয়াজও পাই। হুলুস্থুল পরিস্থিতিতে কখন তিনজন বাসা থেকে বের হয়ে যায়, বুঝতে পারিনি।”

ঘটনার পরপরই জুলহাজের ঘরে ঢুকে দেখে আসা ওই ভবনের এক বাসিন্দা বলেন, “বাসায় ঢুকে দেখি বেডরুমে একজন ও দরজার কোনায় একজন মাটিতে পড়ে আছে।”

খুনিদের পালিয়ে যেতে দেখেছেন, এমন এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৫/৭ জন যুবক ওই বাসা থেকে বের হয়েছিল। তাদেরকে কয়েকজন ধাওয়াও করেছিল। তারা ‘আল্লাহু আকবর’ বলতে বলতে তেতুলতলা মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।”

ওই যুবকদের অন্তত চারজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছেন জানিয়ে এই নারী বলেন, “তারা ওই বাসা থেকে বের হওয়ার পর কয়েক বার গুলি ছুড়েছিল।”

হামলাকারী যুবকরা টি শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল বলে জানান এই প্রত্যক্ষদর্শী। তাদের কাঁধে ল্যাপটপের ব্যাগ দেখেছেন বলেও জানান তিনি।

এর আগে এই ধরনের কয়েকটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে হামলাকারীদের ব্যাগে অস্ত্র বহনের কথা জানিয়েছিল পুলিশ।

ঘটনাস্থলে থাকা পিবিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পাঁচজনের একটি দল ওই বাসায় ঢুকেছিল। তারা দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

পালানোর সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হন বলে ডিএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান জানিয়েছেন।

এএসআই মমতাজ হামলাকারীদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন বলে শিবলী নোমান জানিয়েছেন। ব্যাগে কী পাওয়া গেছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

মার্কিন রাষ্ট্রদূতের নিন্দা:

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত স্ট্রিফেন ব্লুম বার্নিকাট। সোমবার রাতে তিনি দূতাবাসের ফেসবুক পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘সন্ধ্যায় জুলহাজ মান্নান এবং আরেক বাংলাদেশি যুবককে নির্মম খুনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। মার্কিন দূতাবাসে আমাদের যারা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাদের কাছে জুলহাজ এক সহকর্মীর চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন আমাদের প্রিয় বন্ধু।’

‘এই ঘটনায় জুলহাজ এবং অন্যান্য যারা হতাহত হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা। আমরা এই হৃদয়হীন সহিংসতার কঠোর নিন্দা জানাই এবং এসব হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশ সরকারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’ বললেন বার্নিকাট।

প্রসঙ্গত, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে তার বাসার সামনে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালের দিকে গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে অবসরকালীন ছুটিতে থাকা প্রধান কারারক্ষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরপর দুটি খুনের এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ।

আরও পড়ুন