বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জুলহাজ হত্যা তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

john-kerry-সমকামী অধিকার কর্মী ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে যে কোনো পদক্ষেপে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে দেশটি।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এসব কথা জানিয়েছেন।

জন কেরি বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওয়তায় আনতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের  প্রতি আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি।’

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত জুলহাস মান্নানের নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের যেখানেই যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাঁদের পাশে থাকতে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন জন কেরি। তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সব কর্মকর্তা আজ এখানে উপস্থিত আছেন তাঁরা সবাই বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তার বন্ধুর মৃত্যুতে শোকগ্রস্ত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের বাসায় খুন হন জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয়। জুলহাজ ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন।

আরও পড়ুন