বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদার চোখে-হার্টে সমস্যা, আদালতে সময়ের আবেদন মঞ্জুর

Khaledaরাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আবেদনে খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করায় আদালত আগামী ৫ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৭ এপ্রিল) এক নম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। আবেদনে কারণ হিসেবে খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নাশকতার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় খালেদা জিয়ার আজ (বুধবার) উপস্থিতি হওয়ার কথা ছিল। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করি। আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন।’

তিনি আরও বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তার হাতে ও পায়ে প্রচণ্ড ব্যথা। এ ছাড়া তার চোখ ও হার্টেও সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।

উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া। এ মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এই আদালত। বিএনপির ডাকা টানা অবরোধ চলাকালে গত বছর ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে পরে একজন মারা যান। ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে পুলিশ।

আরও পড়ুন