বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফি’র জন্য পরীক্ষা হল থেকে ছাত্রকে বের করে দিলেন প্রধান শিক্ষক!

lokkhipur ramganjমাত্র ৩০ টাকা পরীক্ষা ফি না পেয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রথম সাময়িকের ইংরেজী পরীক্ষা দিতে পারেনি ছাত্র মেরাজ হোসেন সিয়াম।

এ ব্যাপারে সিয়ামের মা উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে বুধবার সকালে এ ঘটনার তদন্তে যান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঈনুল ইসলাম।

জানা গেছে, উপজেলার আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার ৪র্থ শ্রেণির ইংরেজী প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেরাজ হোসেন পরীক্ষায় অংশ নিতে ক্লাসে আসে। এ সময় পরীক্ষা ফি ৩০ টাকা বকেয়া থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে পরীক্ষা দিতে না দিয়ে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। এ ঘটনায় ছাত্রের মা শিরিন আক্তার মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মেরাজ আউগানখীল গ্রামে ভ্যানগাড়ি চালক আবদুল পরানের ছেলে।

মেরাজের মা শিরিন আক্তার বলেন, ৩০ টাকা যোগাতে না পারার কারণে প্রধান শিক্ষক আমার ছেলেকে পরীক্ষা দিতে দেয়নি। এজন্য সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। বিষয়টি জানতে বিদ্যালয়ে গেলে আমার সঙ্গেও খারাপ আচরণ করা হয়। টাকার অভাবে ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে? এ ঘটনায় আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এ ব্যাপারে আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগমের বক্তব্য জানা যায়নি।

তবে রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঈনুল ইসলাম বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

আরও পড়ুন