বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেকড়ের সন্ধানে আসছেন নাদিয়া

360ea932d98e5da68e409b4df424aa58-56f56b080d2cfগেল বছরে গ্রেট বৃটিশ বেক অফ প্রতিযোগিতায় সেরা কেক নির্মাতা হিসেবে বিজয়ী হয়েছিলেন নাদিয়া হুসেইন। এ বছরে বৃটিশ  রানীর ৯০তম জন্মদিনের কেকও তৈরি করেছেন তিনি। মেধাবী এই শেফ এবারে নিজের রান্নার অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। ‘ক্রনিকলস অব নাদিয়া’- শিরোনামের দুই খণ্ডের এই অনুষ্ঠানে নিজের শেকড়ের সন্ধানে বাংলাদেশেও আসবেন নাদিয়া।

ডেইলি মেইলের খবরে বলা হয়, নাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা বৃটেনের লুটন শহরে হলেও তার পূর্ব-পুরুষের বাস বাংলাদেশেই। নিজের রান্নার ঐতিহ্যের সঙ্গেও বাংলাদেশ জড়িয়ে রয়েছেন বলেই মনে করেন নাদিয়া। সে কারণেই রান্না ও ভ্রমণের মিশেলে পরিকল্পনা করা তার অনুষ্ঠানে তিনি আসবেন বাংলাদেশেও। তার নিজের শহর লুটনে শুটিং করা হবে এই অনুষ্ঠানের একাংশ। বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে।

বিবিসিতে প্রচারিত হবে এই অনুষ্ঠান যাতে নাতিদীর্ঘ এক ভ্রমণে ফুটে উঠবে রান্না ও খাবার নিয়ে নাদিয়ার উচ্ছ্বাস ও অনুপ্রেরণা। এই অনুষ্ঠানে মূলত নাদিয়া তার ছোটবেলায় শেখা রান্না দেখাবেন, প্রিয় রান্নার পদগুলো বন্ধু ও স্বজনদের সঙ্গে খাবেন। বাংলাদেশের স্বজনদের কাছে নতুন নতুন রেসিপিও শিখবেন তিনি। প্রায় এক দশক আগে বিয়ের সময় দেশে এসেছিলেন নাদিয়া। এই সময়ের মধ্যে দেশীয় রান্নাবান্নায় কী ধরনের পরিবর্তন এসেছে, সেগুলোও তুলে ধরার চেষ্টা করবেন ‘ক্রনিকলস অব নাদিয়া’তে।

আরও পড়ুন