বৈরী পরিবেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের বিচার এদেশে হয়েছে। তাদের ফাঁসিও কার্যকর করা হয়েছে।এটুকু করতে পেরেছি। যারা এই ফাঁসি সাহস করে দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই। বৈরী পরিবেশ, এই বিচার যেন না হয়, সেজন্য বহু চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুস্থদের আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষই তো তাদের (যুদ্ধাপরাধীদের) সমর্থন করে। আমি জানি না, কী করে মানুষ এদের সমর্থন করে?-সেটা আমার প্রশ্ন।
এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের বিশেষ ভাতা দেয়া হচ্ছে।বিধবা ভাতা দেয়া হচ্ছে। তবে আমরা চাই না, কেউ যেন ভাতার ওপর নির্ভরশীল হোক।এজন্য তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কারাগারে অনেক বন্দি আছে তারা জানে না তাদের কী অপরাধ। যারা বছরের পর বছর বিনা কারণে বন্দি রয়েছে তাদের ব্যাপারে আইনমন্ত্রীকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায়ে দুস্থদের বিনামূল্যে আইনি সেবার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিনা খরচে এ সেবা দেয়া হবে। ১৬৪৩০ নম্বরে ডায়াল করলে আইনি সহায়তা পাবেন দেশের সব নাগরিক।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা আমরা সুনিশ্চিত করে দিয়েছি। এ সময় মামলাজট নিরসনে অতিরিক্ত বিচারক নিয়োগ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি এখন হাতের কাছে। তথ্যপ্রযুক্তির ব্যবহারটাও যাতে আমাদের বিচারবিভাগে হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।


