বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড দমনে বিএনপি-জামায়াত জোট সরকার ‘সবচেয়ে অভিজ্ঞ’ ও ‘সফল’ দাবি করে বিএনপি বলেছে, অতীতের অভিজ্ঞতার আলোকে তারা বর্তমান সরকারকেও সহায়তা করতে চায়।
শুক্রবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বাংলাদেশে জঙ্গি দমনে সবচেয়ে অভিজ্ঞ এবং সফল সরকার বিএনপি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মানবতা, সভ্যতাবিরোধী যেকোনো ধ্বংসাত্মক জঙ্গি কর্মকাণ্ড দমন করতে অতীতের অভিজ্ঞতা দিয়ে বিএনপি সহায়তা দিতে প্রস্তুত।”
সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান হত্যাসহ সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “বিএনপি দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে শান্তি, স্বস্তি, মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তা ও গণতন্ত্রবিরোধী প্রাণবিনাশী জঙ্গি শক্তিকে দমন করতে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।”
সংবাদ সম্মেলনে বর্তমান সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তবে গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামে সারা দেশে একযোগে বোমা হামলা চালানো হয়। দেশের উত্তরাঞ্চলে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও ছিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের উত্থান ঘটে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।


