জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। পরিবহনের ভাড়াও কমবে। এ ব্যাপারে সোমবার বিআরটিএতে পরিবহন নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন ও আতিয়া তন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।
মার্কিন সরকারের কর্মকর্তা জন কেরির বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তার দেশেও হত্যাকাণ্ড হচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশি এক দম্পতিকে হত্যা করলেও এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, যতটা তিনি বাংলাদেশের কলাবাগানে একটি হত্যাকাণ্ড নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন।’
তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। এসব ঘটনার তদন্ত শেষে বিচার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আমি আশা করি অতি সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। কোনো হত্যাকারীকে, কোনো খুনিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’
সামনের ইউপি নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পার্টি থেকে সবাইকে বলা হয়েছে; বাড়াবাড়ি না করার ও ধৈর্য ধারণ করার জন্য।’


