ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২৮ এপ্রিল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে। এনআইডি সার্ভার ডাউন, না মোবাইল অপারেটরদের সমস্যা- তা দেখতে হবে। আমি মনে করি, অপারেটরদের আরো সচেতন হওয়া দরকার ছিল। সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হবে কি-না তা ৩০ এপ্রিল জানানো হবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, দলিল হস্তান্তর ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এটা গণতান্ত্রিক সরকার। আমরা জনপ্রতিনিধিরা মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য এখানে আসি নাই। জনগণের প্রতি বর্তমান সরকার সব সময় শ্রদ্ধাশীল।
এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেন, কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হাইস্কুলে রূপান্তর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, ডাক বিভাগের পরিদর্শক নাসির আহমেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, সহকারী পুলিশ সুপার ফোরকান আলী সিকদার, তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান খান প্রমুখ।


