বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইবি প্রো-ভিসির বিরুদ্ধে পাল্টা জিডি শিক্ষকদের

IUনিরাপত্তার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে থানায় পাল্টা জিডি করেছেন ভিসিপন্থী ৫ শিক্ষক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ জিডি করা হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সৌমেন রায়।

বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও প্রগতিশীল শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন ও শিক্ষক নেতা প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আশকারী ইবি থানায় একটি জিডি আবেদন করেছেন।

তাদের স্বাক্ষরিত জিডিতে উল্লেখ করা হয়েছে ‘বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শাহিনুর রহমান একের পর এক আমাদের বিরুদ্ধে মানববন্ধন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য, মানহানি মামলা, থানায় জিডি, উকিল নোটিশসহ বিভিন্নভাবে হেনস্থা করার পায়তারা করে যাচ্ছেন। তার এই সকল কার্যকলাপে আমরা কেউ শঙ্কামুক্ত না। সুতরাং আমাদের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

এব্যাপারে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান বলেন, ‘সার্বিক ভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রো-ভিসি এমন একজন ব্যক্তি যিনি এমন কোন কাজ নেই যা করতে পারেন না। সুতরাং আইনের আশ্রয় হিসেবে আমাদের নিরাপত্তার জন্য আমরা থানায় জিডি করেছি।’

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল প্রো-ভিসি ড. শাহিন ওই ৫ শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি করেন। এরপর গত বৃহস্পতিবার উকিল নোটিশ দিয়েছেন।

আরও পড়ুন