কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান ও মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার ভোরে রাজারহাট উপজেলার নাককাটিরহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গোপন বৈঠক চলাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালত তাঁদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই দুজন হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের আবু নাসের ওরফে রুবেল (২০) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী মুন্সিপাড়ার মাহাবুব হাসান মিলন (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এম এ ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ আবু নাসের ও মাহাবুব হাসানকে আটক করে। ওই দিনই তাঁদের কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ খুব তাড়াতাড়ি হত্যারহস্য উদ্ঘাটন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ২২ মার্চ কুড়িগ্রাম পৌরসভার গাড়ীয়াল পাড়ার বাসিন্দা হোসেন আলীকে (৬৮) বাড়ির কাছে গলা কেটে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত মূল হত্যাকারীদের আটক করতে পারেনি। তবে পুলিশ বলছে, মূল আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।


