রাজধানীর আদাবরে একটি আবাসিক হোটেল থেকে বিউটি (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হোটেলের একটি রুম থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে বিউটি এবং মনির (রুপক) নামের এক যুবক ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরে রাতের কোনো এক সময়ে বিউটিকে হত্যা করে পালিয়ে যায় মনির।
তিনি আরও জানান, হোটেলের রেজিস্ট্রিখাতায় তাদের যে নাম পরিচয় পাওয়া যায় তা ঠিক না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনিরকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি।


