সারা দেশে হরতাল-অবরোধ চলাকালে সহিংস হামলায় আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।
আগামী ১১ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আদালতে কোনো প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সমশের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয় থেকে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতাল পালনের আহ্বান করেন।
এ কর্মসূচি ঘোষণার পর ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদাসহ চারজনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন।
পরে বিচারক একই দিনে গুলশান থানার পরিদর্শককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


