হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে ‘ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট’-এর আওতায় আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘মৌলবাদী’ এই ৮ বাংলাদেশি দেশে ফিরে হত্যাসহ সন্ত্রাসী হামলার ‘পরিকল্পনা’ করছিল।
আটক ৮ বাংলাদেশি হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহীম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরীফুল ইসলাম (২৭), হাজী মো. নুরুল ইসলাম সওদাগর ওরফে জাবেদ (৩০) ও ঈসমাইল হাওলাদার সোহেল (২৯)।
আটকদের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ষড়যন্ত্র করছিল। তাদের মূল পরিকল্পনা ছিল, সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং সরকারি ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে। এসব কর্মকর্তাকে ‘হামলার লক্ষ্যবস্তু’ হিসেবে বেছে নিয়েছিলতারা।
তাদের মধ্যে মিজানুর রহমানের কাছে ‘উই নিড ফর জিহাদ ফাইট’ নামে একটি ডকুমেন্ট পাওয়া গেছে। সেখানে বাংলাদেশে ফেরত এসে কারা তাদের টার্গেট হবে সে বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে বিবৃতি জানানো হয়।
মিজানুর সিঙ্গাপুরের পাসপোর্টধারী হলেও বাকি সবাই শ্রমিক ভিসায় সিঙ্গাপুরে অবস্থান করছিল।


