রাজধানীর বনশ্রী এলাকা থেকে সিঙ্গাপুর ফেরত ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর থেকে ফেরত আসা পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের নাম মো. মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), মো. রাহা মিয়া পাইলট (২৯), মো. আলমগীর হোসেন (৩১), মো. তানজিমুল ইসলাম (২৪) ও মো. মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। এ সময় তাদের হেফাজত হতে উগ্রবাদ সম্বলিত কিছু পুস্তক ও পাসপোর্ট উদ্ধার করা হয় ।
মনিরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কয়েকদিন আগে দেশে ফিরেছে। মঙ্গলবার সকালে বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মনিরুলের দাবি, সিঙ্গাপুর সরকার ১৩ জনকে আটক করে, তাদের মধ্যে এই পাঁচজন ফেরত আসে। তবে সিঙ্গাপুরের সরকার আট জনকে গ্রেপ্তারের কথা জানালেও তাদেরকে অভিযুক্ত করা হবে না ফেরত পাঠানো হবে সে বিষয়ে কিছু বলেনি।
বাংলাদেশে ইসলামি জঙ্গিরা গত বছর ফেব্রুয়ারি থেকে ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, ধর্মীয় সংখ্যালঘু ও এনজিওকর্মীদের উপর ধারাবাহিক হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে বলে রয়টার্সের হিসাব।


