জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি আবারও মা হয়েছেন। আজ বুধবার বিকেল ৩টায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ বলেন, ‘মা ও সন্তান তাঁরা দুজনেই এখন ভালো আছেন। এখনো সন্তানের নাম আমরা রাখিনি। ঢাকায় আপাতত ফেরার ইচ্ছে নেই। ময়মনসিংহে আমরা কিছুদিন থাকব।’
রোদেলা ও নায়লা নামে ন্যান্সির আরো দুটি মেয়ে আছে। তৃতীয় মেয়ে ঘরে আসায় বেশ আনন্দিত ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সম্প্রতি একটি অডিও অ্যালবামের জন্য ইমরানের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। গানের শিরোনাম ‘তুমি করে বলতে পারি’। গত পয়লা বৈশাখে ‘আমরা আমরা-৩’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামে গানটি প্রকাশিত হয়।


